Viqarunnisa Alumni Association

ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন(ভিএএ) এর সভাপতি এবং ভিএএ এর নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট, অশালীন ও কুরুচিপূর্ণ প্রচারণার তীব্র প্রতিবাদ।

প্রতিবাদলিপি

তারিখ: ২ এপ্রিল, ২০২৬

বিষয়: ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন(ভিএএ) এর সভাপতি এবং ভিএএ এর নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট, অশালীন ও কুরুচিপূর্ণ প্রচারণার তীব্র প্রতিবাদ।

আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ভিএএ) এবং এর সভাপতিকে নিয়ে অত্যন্ত অশালীন, কুরুচিপূর্ণ ও অমার্জনীয় মিথ্যাচার করা হচ্ছে। কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সুনাম নষ্ট এবং সভাপতির ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানির অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়।
ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ভিএএ) এই ধরণের ভিত্তিহীন কুরুচিপূর্ণ প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ।

ভিএএ স্পষ্ট ভাষায় জানাতে চায়, সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য বা মিথ্যা বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ভিএএ এর সভাপতি একজন সম্মানিত ব্যক্তি এবং ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে তার সম্পর্ক স্বেচ্ছাসেবক হিসেবেই। এই সম্পৃক্ততার কোথাও কোনো আর্থিক সংযোগ বা সম্পর্ক নেই। অ্যাসোসিয়েশন, এর যেকোন সদস‍্য এবং এর সভাপতির বিরুদ্ধে কোনো প্রকার অশালীন মন্তব্য বা অপপ্রচার করলে, ভিএএ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে।

ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিটি কর্মপরিকল্পনা এর কার্যনির্বাহী পরিষদ এবং ফার্স্ট বোর্ড অফ ট্রাস্টি দ্বারা অনুমোদিত হয়। একক ব‌্যক্তির সিদ্ধান্তে অ্যাসোসিয়েশন কোনো পদক্ষেপ গ্রহণ করেনা। এখানে উল্লেখ্য ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের প্রাক্তনীদের একমাত্র নিবন্ধিত অ্যাসোসিয়েশন। ভিকারুননিসা অস্ট্রেলিয়া, ভিকারুননিসা ইউকে এবং ভিকারুননিসা ইউএসএ এর অ্যালামনাইসমূহও এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত।

এছাড়াও আর্থিক অসঙ্গতি এবং ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ/শিক্ষককে মবের মাধ্যমে অপসারনের যে অপতথ‌্য প্রচার করা হচ্ছে তা সত‍্য নয় এবং ভিত্তিহীন। উক্ত শিক্ষকবৃন্দ ১৬৯ জন অবৈধ ছাত্রী ভর্তি বিষয়ে জড়িত ছিলো যা দেশের সর্বোচ্চ আদালতের রায়ে প্রমানিত। এছাড়াও তাদের বিরুদ্ধে অবৈধ নিয়োগ, ক‍্যান্টিন দুর্নীতি, প্রশ্ন বানিজ‍্য, বডি শেমিং, বুলিং এবং স্কুলের বিভিন্ন কাজে অর্থ আত্মসাৎ করার দোষে দুদক ও আদালতে মামলা চলমান রয়েছে।

অ্যাসোসিয়েশন নিয়মিত এর সদস‌্যদেরকে বিভিন্ন কর্মসূচী এবং আর্থিক নিরীক্ষার হিসাব বার্ষিক সাধারন সভার মাধ‌্যমে দিয়ে আসছে। স্কুল এবং কলেজের যেকোনো সংকট, প্রাক্তনীদের প্রয়োজনে এবং কর্তৃপক্ষের অনুরোধেই অ্যাসোসিয়েশন সম্পৃক্ত থেকেছে। কখনওই স্বপ্রনোদিত ভাবে যুক্ত হয়নি। উল্লেখ‍্য যে ভিএএ একটি অরাজনৈতিক (non political ) এবং অলাভজনক (non profit) সংগঠন।

ভিএএ, সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, এ ধরনের সাইবার বুলিং ও মিথ্যা প্রচারণার বিষয়ে ইতোমধ্যেই ভিএএ যাবতীয় প্রমাণ (স্ক্রিনশট ও লিঙ্ক) সংগ্রহ করেছে। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে এই ধরনের সাইবার বুলিং অপরাধীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত কঠোর আইনি ব্যবস্থা রয়েছে।
একজন নারী এবং ভিএএ উপর আনিত সকল বানোয়াট, কুরুচিপূর্ণ মিথ্যাচার ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রচলিত আইনে গর্হিত অপরাধ!
ভিএএ এই ধরনের অপরাধে যুক্ত ব্যক্তিদের (নারী পুরুষ নির্বিশেষে) চিহ্নিত করে উপযুক্ত শাস্তির মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করছে।

আমরা, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যমকে এই মিথ্যা প্রচারণাকে এক সাথে প্রতিরোধ ও প্রতিবাদ করার আহবান জানাচ্ছি এবং এই ধরনের কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top